নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যোগ্য এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছেন দেশের ১২ বিশিষ্ট নাগরিকরা।

সোমবার বিকাল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক তারা এ পরামর্শ দেন।

বৈঠক শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যোগ্য এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটিকে পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে দুই মাস সময় নিয়ে আইন করে নতুন নির্বাচন কমিশন গঠনেরও পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, জনগণ কোন ধরনের ব্যক্তিদের নির্বাচন কমিশনে দেখতে চায় তার একটি ধারণা নিতেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির এই বৈঠক।

নির্বাচন কমিশন নিয়ে আস্থার সংকটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আস্থার সংকটটি বিভাজিত। আর নির্বাচন কমিশন নির্বাচন ভণ্ডুল করে না। নির্বাচন ভণ্ডুলের জন্য রাজনৈতিক দলগুলো এবং জনগণের দৃঢ়তা না থাকা দায়ী।

বৈঠকে অংশ নেয়া ১২ বিশিষ্ট নাগরিকের অন্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এসএমএ ফায়েজ, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক ইউজিসি চেয়ারম্যন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক তোফায়েল আহমদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী বদিউল আলম মজুমদার ও সাবেক পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।

প্রসঙ্গত, শনিবার জাজেস লাউঞ্জেই সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। সেখানেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনার সময় ও তালিকা চূড়ান্ত করা হয়। একই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশনের জন্য পাঁচটি করে নামের প্রস্তাব চাওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন।

কমিটির অপর সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার।

এমই