খাগড়াছড়ির দীঘিনালায় নির্মাণাধীন ৫১ বিজিবি সদর দফতর স্থানান্তরসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভূমি রক্ষা কমিটি।

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাবুছড়া এলাকায় উপ-সহকারী কৃষি কমকর্তার পরিত্যক্ত কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য ও ৪ নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।

সংবাদ সম্মেলনে উপজেলায় ২১টি পাহাড়ী পরিবার উচ্ছেদ করে ৫১ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর স্থাপনের অভিযোগ এনে পরিবারগুলোকে নিজ নিজ ভূমিতে পুনর্বাসন, বিজিবির ব্যাটালিয়ন সদর দফতর অন্যত্র স্থানান্তর, পাহাড়ীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারদের মুক্তিসহ ৫ দফা দাবি জানায় ভূমি রক্ষা কমিটি।

লিখিত বক্তব্যে চন্দ্র রঞ্জন চাকমা অভিযোগ করে বলেন, চলমান সঙ্কট নিরসনের উদ্যোগ না নিয়ে উল্টো প্রশাসন মারমুখী ও বৈরী আচরণ করছে। এভাবে চলতে থাকলে যে কোনো সময় পাহাড়ে গণবিস্ফোরণ ঘটতে পারে।

দীঘিনালায় উদ্ভূত সঙ্কট উত্তরণে আলোচনা একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব ধর্ম জ্যোতি চাকমা। এ সময় ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান পরিতোষ চাকমা, ভূমি রক্ষা কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআই