নারায়ণগঞ্জে আদমজী ইপিজেড-এ বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় অন্তত দশজন।

রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

ইপিজেডের শ্রমিকরা জানান, ইপিজেডের এ এম সি এস টেক্সটাইলের শ্রমিকরা তাদের পাওনা তিন মাসের বেতন, ওভার টাইমের মজুরিসহ অন্যান্য বকেয়ার দাবিতে আন্দোলন করছিল। গত ১৯ ফেব্রুয়ারি মিল মালিক শ্রমিকদের দুই মাসের বেতন প্রদান করেন। আজ বাকি পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখতে পায় মিল বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় মিলের সামনে জড়ো হওয়া শ্রমিকদের পুলিশ ইপিজেডের বাইরে বের করে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। পুলিশের সঙ্গে শ্রমিকদের প্রায় আধঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ শ্রমিকদের ধাওয়া করে পার্শ্ববর্তী গ্রামের দিকে চলে যেতে বাধ্য করে। এ সময় পুলিশের লাঠিচার্জে দশ শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে।

পুলিশ জানায়, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচজন শ্রমিককে আটক করা হয়েছে।

এএইচ