প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্যাগী নেতা থাকলে দেশের উন্নয়নে দেরি হয় না। নেতাদের মধ্যে নির্লোভ মনোভাব থাকতে হয়। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হয়। সাবেক সংসদ সদস্য মরহুম ইসহাক হোসেন তালুকদারের শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ইসহাক তালুকদার ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি দল এবং দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে সাংগঠিনক কার্যক্রম চালিয়ে দলকে শক্তিশালী করেছেন। তার নেতৃত্বে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগ একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। তিনি উত্তারঞ্চলের মানুষের কল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।
ইসহাক হোসেন তালুকদারের স্মৃতিচারণ করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ৬৮ সালে তিনি যখন ছাত্রলীগের সভাপতি তখন উত্তরাঞ্চলে ইসহাক হোসেনের নেতৃত্বে ছাত্র আন্দোলন জোরদার হয়েছিল। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা ছিল ইসহাক হোসেন তালুকদারের।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ আওয়ামী লীগের এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।
প্রাক্তন এই সাংসদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মত সংসদের কার্যক্রম মূলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদের চলতি এ অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
জেআই





