ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে একটি চাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে জেলা শহরের বাইপাস সড়কে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশী চালায়। এ সময় তারা গাড়িটির চালকের কেবিন থেকে প্রায় ২১ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর অঞ্চলের পরিচালক আসলাম হোসেন উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি থেকে প্রায় ৪ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হলেও কর্তৃপক্ষ মাত্র ২১ শ’ বোতল কাগজ কলমে দেখায়। এমনকি মাদকদ্রব্য উদ্ধারের ঘটনাস্থলেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ তালিকা করার কথা থাকলেও তা না করে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মোশাররফ হোসেন প্রশাসনের কাউকে না জানিয়ে নিজের ইচ্ছামত মাদক বোঝাই ট্রাকটি শহরের নতুন হাটখোলায় তার কার্যালয়ের সামনে নিয়ে আসেন। সেখান থেকে মাদকসেবীদের দিয়ে বস্তা বোঝায় ফেনসিডিল কার্যালয়টির চতুর্থতলায় বহন করে তোলা হয় এবং অতিরিক্ত ফেনসিডিল গায়েব করা হয়।

এ ব্যাপারে ইন্সপেক্টর মোশাররফ হোসেন ফেনসিডিল আত্মসাতের কথা অস্বীকার করে বলেন, ফেনসিডিল চতুর্থতলায় বহন করতে লেবার খরচ প্রয়োজন হওয়ার কারণেই উপস্থিত ব্যক্তিদের দিয়ে তা বহন করানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, মাদকদ্রব্য উদ্ধারের সময় জেলা প্রশাসনকে জানিয়ে তাদের সহযোগিতা নেওয়া কথা। কিন্তু এ বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন জাহান জানান, মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসনকে কিছুই জানানো হয়নি।
জেআই