রাজধানীর বনানী এলাকা থেকে সাড়ে চার কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করে সাজা প্রদান করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) একটি ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন পিংকু (৩০) ও জাহানারা বেগম প্রকাশ ফেলানি (৫০)।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মহাখালী সাততলা বস্তিতে সীমার বাড়িতে মাদকদ্রব্য কেনা-বেচা চলছে। পরে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার টাকাসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং জাহানারাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামীদের ঢাকা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এমআর/কেএইচ





