বর্তমান পরিস্থিতি মানবিক সংকটে, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে আশা করেন আওয়ামী লীগের সাধানণ সম্পাদাক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর জিগাতলায় তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবো না, বিজয়ী হতে পারবো না। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবো। এ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন না করে আসুন, আমরা একযোগে কাজ করি। অ্যাকশন প্রোগ্রাম একটি কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবারই দায়িত্ব আছে। আসুন, আমরা একযোগে এ কর্মসূচিকে সফল করে তুলি।
এসময় সপরিবারে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রয়েছে, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি-না সেটাই বিষয়।
মন্ত্রী বলেন, অনেক মানুষের পক্ষে ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে এ রোগের জন্য রক্ত পরীক্ষা করা সম্ভব নয়। তাই আমি ডাক্তারদের আহ্বান জানাবো, মানবতার স্বার্থে নামমাত্র পয়সায়, কিংবা বিনা পয়সায় চিকিৎসা সেবা দিন।
সেতুমন্ত্রী বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম,বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন,কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি। উদ্বোধন শেষে ধোঁয়া দিয়ে পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়।
এসএম





