সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

এর আগে তিনি লন্ডন থেকে বিমানের বিজি-০৬১ ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন। তারপর প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উদ্দেশে রওনা দেবে বিমানটি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন।

এদিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি বলেন, এই সফরে প্রধানমন্ত্রীর দলীয় কিংবা সরকারি কোনো কর্মসূচি নেই। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে সৌজন্য সাক্ষাত করবেন।

প্রধানমন্ত্রীর সিলেট বিমানবন্দরে যাত্রা বিরতি উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও সিলেটে অবস্থান করছেন।

এছাড়া মহানগর পুলিশ বিমান বন্দর সড়ক সহ নগরীর বিভিন্ন স্থানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। দুই দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন।

বুধবার লন্ডন সময় বিকেল ৬টা ৫০ মিনিটে বিমানের বিজি-০৬১ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে লন্ডন হিথরো বিমান বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

এএইচ