ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালকসহ তিনজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাবুর রহমান জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায় নি।

এ সময় রডবাহী ট্রাকের চালকসহ উভয় ট্রাকের হেলপার আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এমই