৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কালোপতাকা মিছিল ও সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসিসহ ডিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন ডিএমপি কমিশনার।

বৈঠক সূত্রে জানা যায়, রাজধানীর আবাসিক কোনো হোটেলে নতুন কেউ অবস্থান নিতে পারবেন না। প্রতিটি হোটেলে নতুন কাউকে চেক ইন করার জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি মাঝরাত থেকে বিভিন্ন হোটেলেও অভিযান চালানো হবে। এছাড়াও যে কোনো ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।

ডিএমপি’র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত। কোনো রাজনৈতিক দল অথবা সংগঠন নাশকতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক ফায়দা লুটতে কেউ যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎকন্ঠার আসলে কোনো কারণ নেই। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সে জন্য পুলিশি তৎপরতা বরাবরের মতোই রয়েছে। এছাড়াও এর আগেও এমন অনেক পরিস্থিতি ও কর্মসূচি খুব সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করেছে ডিএমপি।

পল্টনের হোটেল ডিলাক্সের কেয়ারটেকার মঞ্জুরুল ইসলাম বলেন, থানা থেকে নির্দেশ দিয়েছে তাই হোটেলে কাউকে চেক ইন করতে দেওয়া হচ্ছে না। আগে থেকে যারা আছেন তারা চেক আউট করতে পারবেন অথবা আরও বেশকিছু দিন থাকতে পারবেন। কিন্তু ৫ জানুয়ারির আগে কেউ চেক ইন করতে পারবেন না।

এদিকে, নিরাপত্তার কথা চিন্তা করে রাজধানীতে বিজিবি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, ২০ প্লাটুন বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলার অবস্থার যদি অবনতি দেখা যায় অথবা সংশয় থাকে তাহলে রবিবার রাতেই বিজিবি নামানো হবে।

তবে এ প্রসঙ্গে এখনও কিছু জানেন না বলে জানান বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

এএইচ