সম্প্রতি প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে গতকাল সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এ প্রতিবেদন সম্পর্কে সংসদ কর্তৃক গৃহীত যেকোন পদক্ষেপে টিআইবি সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় সংসদে সম্মানিত সংসদ-সদস্যগণ টিআইবি কর্তৃক প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তাকে ইতিবাচক এবং টিআইবি’র কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি।”
‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন সম্পর্কে সংসদ কর্তৃক গৃহীত যেকোন পদক্ষেপে টিআইবি সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান ড. জামান।
সংসদকে কার্যকর করার জন্য উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশগুলো যথাযথ বিবেচনাপূর্বক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে ২০০১ সালের অস্টম সংসদ থেকে শুরু করে ধারাবাহিক ভাবে টিআইবি কৃর্তক প্রণিত ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজ-এর প্রতিবেদনসমূহ খতিয়ে দেখাও যথার্থ হবে বলে টিআইবি মনে করে।
এ প্রতিবেদনকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ের ওপর গত ১ নভেম্বর ২০১৫ তারিখ প্রকাশিত টিআইবি’র অবস্থান সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তির প্রতি আগ্রহী সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে: http://www.ti-bangladesh.org/beta3/images/2015/position_PW_15_bn.pdf
এসএইচ





