নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রংপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হেলিকপ্টার থেকে লিফলেট বিতরণ করেছে।
রবিবার সকালে রংপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বলে জানা গেছে । আকাশ থেকে ফেলা রঙিন এই লিফলেটের শিরোনাম- ‘মা কাঁদছে জ্বলছে দেশ ঘুরে দাঁড়াও বাংলাদেশ।’
আগুনে দগ্ধদের ছবি সম্বলিত লিফলেটে বলা হয়েছে- সারাদেশব্যাপী অবরোধ হরতালে বিপন্ন দেশ, বিবর্ণ মহকাল, বেওয়ারিশ বোমায় পুড়ছে বাস, পুড়ছে আমার মা, পুড়ছে আমার ভাই-বোন, আগুনে দগ্ধ আমার পরিবারের সাথে জ্বলছে জাতির বিবেক।
আর পুড়তে দেব না, হতে দেব না কোন ক্ষতি, রুখে দাঁড়াবো, নিরাপদ একটি দেশ গড়বো, এটাই নতুন অবগতি। অন্য একটি একটি লিফলেটে র্যাবের গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেয়া হয়েছে।
এছাড়াও নাশকতাকারী ও সন্ত্রাসীদের ধরিয়ে দেয়ার জন্য র্যাবের পক্ষ থেকে পুরস্কারের একটি তালিকাও দেয়া হয়েছে। তাতে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের তালিকা দেওয়া আছে।
র্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর ফরহান রংপুরে হেলিকপ্টার থেকে লিফলেট বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা।
এসএইচ





