বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।
এর আগে চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম পুনরায় কার্যকর হচ্ছে।
এস
















