খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল।
আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুষ্টিয়া ঝিনাইদহ দুই জেলায় হরতাল চলবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে বর্তমান সৈরাচার সরকার ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। সরকার এখন হামলা মামলার মহাৎসবে মেতে উঠেছে। এমনকি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দয়ের করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ওমর ফারুককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বিজ্ঞপ্তিতে তারা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের নিঃশর্ত মুক্তির দাবি করছি। ৩৬ ঘণ্টার এ হরতাল স্বতস্ফূতভাবে পালনে অত্র এলাকার নেতাকর্মীদের প্রতি জোর আহবান জানাচ্ছি।
জেআই





