ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের ঠাঁই মিলছে না ঢাকাসহ গোটা দেশের হাসপাতালগুলোতে। সরকারি রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭৪ জনসহ দেশের ৬৩ জেলায় নতুন ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৪০৮ জন রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরে এই পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭৪ জন ও সারা দেশের ৬৩ জেলায় আরও ৩৬১ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরে এই পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২১, মিটফোর্ড হাসপাতালে ১০৫, ঢাকা শিশু হাসপাতালে ৪৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬১, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪২, বারডেম হাসপাতালে ১৭, বিএসএমএমইউতে ২৬, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৩৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩, বিজিবি হাসপাতাল পিলখানায় ২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬৫ জন ভর্তি হন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, বরিশাল বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রাজধানী ঢাকার বাইরে এখন পর্যন্ত এক হাজার ৮৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, একই দিন দুপুরে তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। পাশাপাশি ডেঙ্গুজ্বরে সারাদেশে আক্রান্ত রোগীদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে তথ্য অধিদফতর।

একই সঙ্গে ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য প্রচার করারও আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।  

এমবি