নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গুতিয়াব এলাকার শুক্কুর আলীর ছেলে নূরুল আমিন ও কাঞ্চন এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সবুর মিয়া।

রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নুরুল আমিন ও সবুর মিয়া নিজ এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাঞ্চন এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ নুরুল আমিন ও সবুর মিয়াকে আটক করে পুলিশ।

পরে, বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কেএইচ