ড্রেনের অভাবে মাগুরা শহরের আদর্শ ডিগ্রি কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন মাস স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠান দুইটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দীর্ঘদিন জলাবদ্ধতা তৈরি হওয়ায় মশার উপদ্রবের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে ক্লাস করা কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের দাবিতে বৃহস্পতিবার বিকালে মানববন্ধন ও শোভাযাত্রা করেছে ওই প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা।

বিকাল পৌনে ৩টায় প্রতিষ্ঠান দুটির ছাত্রছাত্রীরা কলেজের মাঠে পানির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক রাইসুল ইসলাম মিজান, যুগ্ম-আহবায়ক সাজ্জাদুল কবীর দিপু, ছাত্রনেতা মকিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, মো. মিলন, জাকির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা বের করে। পরে তারা পুনরায় পৌরসভা চত্বরে মানববন্ধন করে পৌর মেয়রের কাছে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ড্রেন তৈরির দাবি জানান। এ ময় পৌর মেয়র ইকবাল আকতার খান কাফু দ্রুত ড্রেন তৈরির আশ্বাস দেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই