বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে পুলিশ পাহারায় বগুড়ার সব রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বেঠক শেষে শুক্রবার দুপুর ১২টায় নওগাঁ থেকে শাহ ফতেহ আলী পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে এবং একই সময়ে ঢাকা থেকে একই পরিবহনের বাস ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
সার্কিট হাউজে অনুষ্ঠিত বৈঠকে শাহ ফতেহ আলী পরিবহনের পরিচালক আমিনুল ইসলাম মোবাইল ফোনে ঢাকা এবং নওগাঁ থেকে বাস ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে অবরোধের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিলে মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন চলাচল শুরু করতে আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, মহাসড়কে বগুড়ার গোকুল এবং বারপুর এলাকায় পর পর ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকায় মোটর শ্রমিকের সদস্যদের পাহারায় যানবাহন পারাপারের ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
বিস্তারিত আলোচনা শেষে হাইওয়ে পুলিশের এসপি আন্তঃজেলা রুটে চলাচলকারী যানবাহনের নিরাপত্তার আশ্বাস দেন। এছাড়াও বগুড়ার এসপি দূরপাল্লায় চলাচলকারী যানবাহনে বগুড়ার সীমানা পর্যন্ত নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।
বৈঠক শেষে শুক্রবার দুপুর ১২ টা থেকে ঢাকা- নওগা রুটে কোচ চলাচলের মাধ্যমে যানবাহন চলাচল শুরু করার ঘোষনা দেন শাহ ফতেহ আলী পরিবহনের পরিচালক আমিনুল ইসলাম।
বগুড়া জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিতি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার, র্যা ব-১২ বগুড়া ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মশিউর রহমান, বিজিবির একজন প্রতিনিধি ছাড়াও বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি আকতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
জেআই





