সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বঙ্গবন্ধুর জীবন-আদর্শ থেকে শিক্ষা লাভ করতে হবে তোমাদের। যদি ছাত্রলীগ বঙ্গবন্ধুর জীবনী পড়ত তাহলে আজ এ অবস্থা হোত না। এখন স্টেজে সবাই মুখ দেখাতে চায়, সবাই নেতা হতে চায়। নেতার ভারে স্টেজ আজ কাঁপছে। সামনে কোন কর্মী নেই। তোমাদের কর্মী হতে হবে। 

শনিবার সকালে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সামনে থেকে তৃনমূল কর্মীদের নেতৃত্ব দিতে হবে। তাহলেই প্রকৃত নেতা হওয়া যাবে। বঙ্গবন্ধুর  জীবনী সেলফে তুলে রাখলে হবে না, তা পড়তে হবে। শেখ হাসিনার জীবন আর্দশ থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। 

তিনি বলেন বঙ্গবন্ধুর পরিবারে অশিক্ষিত লুটেরা নেই। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, হাওয়া ভবনের  লোকজন দেশের সম্পদ খাওয়া ছাড়া কিছুই করে নাই। 

এসময় তিনি আরো বলেন, বিএনপি সরকারের সময় মংলা বন্দরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। শেখ হাসিানার সরকার ক্ষমতায় আসার পর মংলা বন্ধর পুনরায় চালু করা হয়েছে। বিদেশ থেকে আমদানীকৃত পন্যের ৪৫ ভাগ এখন মংলা বন্দর দিয়ে খালাস করা হচ্ছে ফলে গতিশিল হচ্ছে মংলা বন্দর। 

পদ্ম সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই বলেছিল দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব না। কিন্তু শেখ হাসিনার সরকার দেশের টাকায় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছে। অচিরেই পদ্মা সেতুর সুফল এ অঞ্চলের মানুষ ভোগ করবে। ঢাকায় যেতে আসতে সময় লাগবে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। 

ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। 

শনিবার সকালে মংলা-খুলনা-দৌলতদিয়া জাতীয় মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন ।

উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করতে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে যোগাযোগের ক্ষেত্রে এক মাইল ফলক রচিত হবে।

জেআই