মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলাকে বাঁচাতে বিক্ষোভ মিছিল ও গনসমাবেশ করেছে ভাঙ্গন কবলিত ভোলা সদর উপজেলার ইলিশা জংসন এলাকার শত শত মানুষ।
সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশার জংসন বাজারের সড়ক অবরোধ করে এ আন্দোলন কর্মসূচী পালন করা হয়।
ভাঙ্গন কবলিত এলাকাবাসী জানান, মেঘনার ভয়াবহ ভাঙ্গনে গত ৩ মাসে প্রায় ৪ কিলোমিটার এলাকার কয়েক হাজার বসত ঘর, শত শত দোকান পাট, মসজিদ, হাসপাতাল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে শীত মৌসুম চলে যাচ্ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে এখনও কোন কাজ শুরু করছে না।
তাই মেঘনার ভাঙ্গন কবলিত এলাকার শত শত ভিটেমাটি হারা মানুষ জংসন বাজারে মঙ্গলবার সকালে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে।
এ সময় বক্তব্য রাখেন, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো: সিরাজ উদ্দিন, জিলন খান, নিরব বোলাই, কাঞ্চন বোলাই, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন ও সুমন প্রমুখ।
বক্তারা আগামী ৫ জানুয়ারী মধ্যে ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে ভোলা-লক্ষীপুর মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় সর্বস্তরের মানুষ গত ২ মাস ধরে গণঅনশন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করছে।
এমএ





