বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি সংঘঠিত হয় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায়। আলাউদ্দিন কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গুলিবিদ্ধ আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন মিয়া মোটরসাইকেলযোগে হযরতপুর থেকে কাজ শেষে সাভারের বাসা ব্যাংকটাউনে ফিরছিলেন। পথিমধ্যে ব্যাংক টাউন ব্রিজের উপর আসামাত্র একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় ওই নেতা দৌড়ে পালানোর চেস্টা করলে প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা তার দুই পায়ে গুলি করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা এলোপাথারি গুলি করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগন তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইআর