সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দূর্যোগ মোকাবেলায় সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হবে।

শুক্রবার দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মাধ্যম লিমিটেড এবং অক্সফাম বাংলাদেশ সমন্বিত নাগরিক সেবা ও নগর নিরাপত্তা গণমাধ্যমের দায়িত্ব বিষয়ক এ কর্মশালার আয়োজন করে।

মেয়র বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক প্রযুক্তিসহ দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি নির্মাণ করা হবে। ইতিমধ্যে বন্দরবাজার এলাকার সিলেট কেন্দ্রীয় কারাগারের জায়গা বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সিলেট হচ্ছে সবচেয়ে ভূমিকম্পঝুঁকিপূর্ণ অঞ্চল। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে নগরীর ২৭টি ওয়ার্ডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোতেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর