নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৭ জন। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভি (নৌকা), বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান (ধানের শীষ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), এলডিপির কামাল প্রধান (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মাসুম বিল্লাহ (হাত পাখা) এবং ইসলামী ঐক্য জোটের মুফতি এজহারুল হক (মিনার) প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে এবার ২৭ ওয়ার্ডের ২৭টি আসনে ১৫৬ জন সাধারণ কাউন্সিলর পদে লড়বেন। এছাড়া নয়টি সংরক্ষিত মহিলা আসনে ৩৭ প্রার্থীকে প্রতীক দেয়া হবে।
এমবি





