সুস্থ্য ধারার জীবনে ফিরে বিয়ে করতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ইব্রাহিম নামে এক মাদকসেবী। তার আরো দুই মাদক সেবী সংসার টিকিয়ে রাখতে থানায় আত্মসমর্পন করেছেন।
সোমবার (২৩ মার্চ) বিকালে তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
বাকি দু'জন হলেন- ফতুল্লার আলীগঞ্জ এলাকার ইয়াকুব কাজীর ছেলে আননেস কাজী (৪০), ইলিয়াস আলীর ছেলে আওলাদ হোসেন (৪৮)।
ইব্রাহিম জানান, ৮ বছর ধরে তিনি গাঁজা সেবন করেন। ৫ ভাই, ১ বোনের মধ্যে তিনি চতুর্থ। বিয়ে করেননি এখনও। বয়স ৩২। সুস্থ ধারার জীবনে ফিরে এসে বিয়ে করবেন বলেই তিনি থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
আননেস কাজী জানান, তার দুই ছেলে। গত ২ বছর ধরে তিনি গাঁজা সেবন করে আসছিলেন। এসব কারণে পরিবারে কলহ দেখা দেয়। পরিবারে শান্তি ফিরিয়ে আনতে তিনি থানায় আত্মসমর্পণ করেছেন।
আওলাদ হোসেন জানান, তিনি টানা ১০ বছর ধরে হেরোইন সেবন করায় ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করা তার জন্য অসহ্য হয়ে যাচ্ছিল। সংসারে প্রায় সময়েই ঝগড়া হতো। সংসার টিকিয়ে রাখতে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাদের সুস্থ্য ধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেডআই





