রংপুরের পীরগঞ্জেট্রাক উল্টে ১৭জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২৫জন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকেএলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার কোলাবাড়িনামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৬ জনসহ মোট ১৭ জন নিহত হয়েছে। হতাহতদের সবাই পোশাক শ্রমিক। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কহিনূর ইসলাম, বেগম (১০), জাহাঙ্গীর মিয়ার ছেলে মজনু মিয়া (২৫), দেলোয়ার হোসেন (৩০), আনিসুজ্জামান, জসীম উদ্দিন (২৬), ঝন্টু মিয়ার মেয়ে সুবর্ণ আক্তার (৯), শহীদুল ইসলাম, আলমগীর হোসেন (২৭), সাদ্দাম হোসেন (২৫), মনির হোসেন (২৮), রফিকুল ইসলাম, একরাম আলীর ছেলে খলিলুর রহমান, রবিউল ইসলাম, নাসিমা আক্তার ও আজিজুর রহমান।

নিহতদের মধ্যে আলমগীর গাজীপুরে অটোরিকশা চালাতেন। জসীম ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী ছিলেন। আর বাকিদের বেশিরভাগই পোশাকশ্রমিক ছিলেন।

দুর্ঘটনায় আহত আটজন হলেন, খাদিজা, আফরোজা, রহিমা, জামিলা, ময়না, মমিনুল, খলিল ও দুলাল। তাদের সবার বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।

জানা গেছে, ট্রাকের আরোহীরা সবাই পোশাক শ্রমিক। তাদের সবার বাড়িই লালমনিরহাটের কালীগঞ্জে। তারা ঈদ উপলক্ষে বাড়ি যেতে গাজিপুরের ওই ট্রাকে চড়েছিলেন। রাস্তায় পীরগঞ্জের কলাবাড়িতে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ৬ জন মারা যান। বাকি আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া, ট্রাকে আরও যাত্রী ছিল। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।’

এমবি