জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এ নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ মসজিদের ঈমাম আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে কাজী জাফরের ছোট ভাই কাজী মামুন পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে সবার কাছে মৃতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রত্যাশা করেন।
এর আগে সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা সাইদুর রহমান তার নামাজে জানাজা পড়ান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান ও জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ জানাজায় অংশ নেন।
কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা শুক্রবার জানান, বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তৃতীয় জানাজা শেষে কাজী জাফর আহমদের মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়িতে নেয়া হবে। সেখানে শনিবার জোহরের নামাজের পর চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এআর





