বাগেরহাটের কচুয়ায় উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। শনিবার গভীর রাতে কচুয়া উপজেলার বাধাল বাজারে এই ঘটনা ঘটে।বিশ্বজিতের স্যালুন থেকে এই আগুনের সূত্রপাত বলে একজন দোকান মালিক জানান।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- বিশ্বজিত শীলের স্যালুন, সন্তোষ কুন্ডু, শিশির কুন্ডু, বিষরি দাসের মুদি, সুজিত কর্মকার ও শুভংকর রায়ের চা-পান এবং বিষ্ণু দাসের ফলের দোকান।
শিশির কুন্ডু বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে বাধাল বাজারে আগুন লেগেছে খবর পেয়ে এসে দেখি আমার দোকান আগুনে দাউ দাউ করে পুড়ছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। ততক্ষণে এই বাজারের সাতটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়।’
বিশ্বজিতের স্যালুন থেকে এই আগুনের সূত্রপাত বলে তিনি দাবি করেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগুনে দোকানের মালামাল পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেছেন।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের বাগেরহাট ও পিরোজপুরের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ইআর





