গাইবান্ধা সদর উপজেলায় ইয়াবাসহ দুই সাংবাদিক ও এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক আল-আমিন গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে, গোলাম রব্বানী মুছা জেলা শহরের থানাপাড়ার আব্দুল আজিজের ছেলে ও রজত কান্তি বর্মণ শহরের কলেজপাড়ার রাজেন্দ্র নারায়ণ বর্মণের ছেলে।

গোলাম রব্বানী মুছা ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক কাগজ কলমের গাইবান্ধা প্রতিনিধি ও রজত কান্তি বর্মণ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়ার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক।

র‌্যাব- ১৩ সংবাদ সম্মেলনে জানায়, আল-আমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তাকে মাদক ব্যবসায় সহযোগিতা করে আসছিলেন গোলাম রব্বানী মুছা ও রজত কান্তি বর্মণ নামে দুই সাংবাদিক।

গোপন খবরে অভিযান চালিয়ে সোমবার রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের মধ্য ধানঘড়া গ্রামে আল-আমিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় ২৮৮০ পিস ইয়াবা ও ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা।

র‌্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

কেএইচ