রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
আজ (২১ জানুয়ারি) বৃহস্পতিবার মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ডিএনসিসির নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে।
অভিযানে স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে এই পরিস্থিতি তৈরি হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। ওই এলাকাটি আটকে পড়া পাকিস্তানি অধ্যুষিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কে একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয়রা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েকশ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এগিয়ে এলে তারা পিছু হটেন।
এরমধ্যে বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ঘটনাস্থলে পৌঁছান। পরে ১২টার দিকে ফের উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনার কারণে নাগরিকদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই যত বাধাই আসুক এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।
এমবি





