গোপালগঞ্জের গোপীনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাসরুমে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও ছবি তোলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার সকালে এ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানায়, রবিবার সকালে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তৈয়ব শরীফের দুই শ্যালক অপু ও কিরন ক্লাসরুমে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করে ও মোবাইল ফোনে ছবি তোলে। এসময় দুই ছাত্র বাধা দিলে তাদের মারধর করে আহত করে উত্ত্যক্তকারীরা।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকরা জরুরি সভা করেছেন। অপরদিকে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
স্কুলের প্রধান শিক্ষক নেওয়াজ মো. হাবিব আহসানের সঙ্গে এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে সোমবার ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার গ্রামে একটি সালিশ বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





