দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাত দেড়টার দিকে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা লোহাচড়া গ্রামের রাস্তার ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্যাবলেটগুলো জব্দ করেন। এ সময় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা ৬৩ হাজার ২০০ পিস এবং মাথা ব্যাথানাশক লিমুসলিড ট্যাবলেট ৬০ হাজার পিস উদ্ধার করা হয়।

বিজিবির নির্ধারিত মূল্য অনুযায়ী উদ্ধারকৃত ট্যাবলেটের দাম ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট নিয়ে চোরাকারবারীর একটি দল সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল লোহাচড়া এলাকায় অভিযান চালায়।

এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই