মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ সময় কনস্টেবল মনির ও র্যাব সদস্য নাসির আহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত একজনের নাম মাসুদ (৩৬), অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
মহিউদ্দিন ফারুকী বলেন, তিন মাস ধরে ওই ডাকাত দলকে নজরে রাখা হয়েছিল। শরীয়তপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা।
র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এনএস/এমবি





