বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা সংস্থার অর্গানোগ্রাম প্রবর্তন, ইউনিফর্ম ভাতা চালুসহ ১৪ দফা দাবিতে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) ঘেরাও করেছে।
মঙ্গলবার সকার ১০টা থেকে বিমানের কর্মীরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিএফসিসি ভবনে জড়ো হতে থাকে। এক পর্যায়ে সবাই কক্ষ ঘিরে ফেলে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং বিএফসিসির কর্মরত কর্মীদের ভেতরে যেতে বাধা দেয়।
বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের নেতৃত্বে গত ২৫ জুন আন্দোলন শুরু করে এয়ারলাইন্সের কর্মীরা। ওই দিন বলাকা ভবনের নিচতলায় বিক্ষোভ-সমাবেশ করে ৩০ জুন এমডির কার্যালয় ঘেরাও করা হয়।
কর্মীদের অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে, শতভাগ মেডিক্যাল ভাতা প্রদান, ক্যাজুয়ালদের চাকরি স্থায়ী করা, আহার ভাতা বৃদ্ধি, পার্সোনাল পে বেতনের সঙ্গে সমন্বয় করা, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মীদেরও রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের কর্মীদের সমান সুবিধা প্রদান।
বিমানের কর্মীরা গত বছরের জানুয়ারিতে ইউনিফর্ম ভাতা চালু, আহার ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিল। আন্দোলনের এক পর্যায়ে তারা বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে। দাবি বাস্তবায়নে তারা কর্মবিরতি এবং ধর্মঘটের মতো কঠোর আন্দোলনে যান। আন্দোলনকারীদের থামাতে তৎকালীন বিমানমন্ত্রী ফারুক খান ওই সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
ওই প্রেক্ষাপটেই সম্প্রতি শর্তসাপেক্ষে এসব দাবির কয়েকটি মেনে নেওয়ার আশ্বাস দেন বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। তবে বিনিময়ে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বেসরকারি খাতে দেয়ার বিরোধিতা করা যাবে না। ওই শর্তে রাজি না হওয়ায় বিমান কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





