নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সভাপতি ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
 
সম্মেলনে মোট ২৬৩ জন কাউন্সিলরদের মধ্যে ২৫৫ কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
০২ ডিসেম্বর (মঙ্গলবার) কানাইখালী মাঠে দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রাতে শহরের ভবানীগঞ্জ মোড় সরকারি গণগ্রন্থাগারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ফলাফল ঘোষণা করেন।
 
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী কর্নেল (অবসর) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ডাক  টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

জেআই