লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বসতঘর পুড়ে গেছে। এ দুর্ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (০৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের আকরাম হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে-রিপন উদ্দিন, দিদার উদ্দিন, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন ও এরফান উদ্দিনের বসতঘর পুড়ে যায়। তারা ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
স্থানীয়রা জানায়, আকরাম হাওলাদারের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রামগতি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান দেলোয়ার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওএফ





