লক্ষ্মীপুরের কমলনগরে পৃথক ঘটনায় একই এলাকা থেকে গৃহবধূসহ দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ উপজেলার চরলরেন্স এলাকা থেকে লাশগুলো উদ্ধার করেন।
এর মধ্যে ওই এলাকার কালাম মাঝির বাড়ি থেকে তার ছেলে আবদুল গণির (৩৮) ঝুলন্ত লাশ এবং শাহ আলম মাঝির বাড়ি থেকে তার মেয়ে গৃহবধূ সাজু আক্তারের (২৫) লাশ উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ সাজু আক্তারের স্বামী আক্তার হোসেনকে (৩০) আটক করেছেন। তার বাড়ি উপজেলার সাহেবেরহাট এলাকায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, বাবার সাথে অভিমান করে আবদুল গণি শুক্রবার রাতের কোনো এক সময় নিজ বসতঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
অপরদিকে, শাহ আলম মাঝির বসতঘর থেকে তার মেয়ে সাজু আক্তারের লাশ উদ্ধার করা হয়। শাহ আলম মাঝির অভিযোগ, সাজু আক্তারকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী আক্তার হোসেন আত্মহত্যার প্রচার চালায়। যে কারণে পুলিশ আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
ওসি বলেন, ‘লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমই





