চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বাসন্তি দে নামের এক ভারতীয় নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নগরীতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, প্রাইভেট কারযোগে সমুদ্র সৈকত থেকে ফেরার পথে নগরীর ইপিজেড এলাকার বে শপিং কমপ্লেক্সের সামনে ট্রাফিক জ্যামে আটকা পড়েন কোলকাতা থেকে আসা ওই নারী।

এই সময় একজন ছিনতাইকারী প্রাইভেট কারের জানাল দিয়ে বাসন্তি দের গলা থেকে একটি দেড় ভরি ওজনের সোনার চেইন ও একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর পরই বাসন্তি দে ইপিজেড থানায় অভিযোগ দিলে পুলিশ ছিনতাইকারীকে ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করে।

বাসন্তি দে মঙ্গলবার কলকাতা থেকে পরিবার নিয়ে চট্টগ্রাম বেড়াতে এসেছেন বলে জানা গেছে।

এআর