ইসরাইলের বর্বরোচিত হামলা এবং ফিলিস্তিনি নারী ও শিশুসহ নির্দোষ মানুষ হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় মানবাধিকার যুব সোসাইটি জামালপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের দয়াময়ী চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
ধর্ম নয়, রাজনীতি নয়- মানবাধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন, চিকিত্সক মো. ইউনুস, বিশিষ্ট ব্যবসায়ী মো. শামছুল হক, সাংবাদিক মোস্তফা বাবুল, যুবনেতা ওবাদুর রহমান টিটু, ছাত্রনেতা রাজন সাহা, জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি মো. সামছুজ্জোহা লকেট, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, যুব সোসাইটির সভাপতি সাবিরুল ইসলাম দোলন এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নিরীহ শিশু ও নারীরা কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারে না। অথচ ইসরাইল মানববাধিকারের চরম সীমা লঙ্ঘন করে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করছে।
বক্তারা অবিলম্বে এই হামলা ও হত্যা বন্ধ করতে ইসলাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতীসংঘ মহাসচিবের প্রতি আহবান জানান। কর্মসূচিতে মানবাধিকারকর্মী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





