মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রায় একশ টন ত্রাণ পাঠিয়েছে ভারত, ইরান ও ইন্দোনেশিয়া।
শুক্রবার এসব ত্রাণ চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছায়। ত্রাণগুলো হস্তান্তর করেন স্ব স্ব দেশের প্রতিনিধিরা। ত্রাণগুলো গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
শুক্রবার বিকালে ইরানের উপ পরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাহিমপুর ও সে দেশের সংসদ সদস্য চেনা রাণী কার্গো বিমানে আসা প্রায় ৪০ টন ত্রাণ হস্তান্তর করেন। এ সময় মইন উদ্দীন খান বাদল ও জাতীয় পার্টি নেতা সোলায়মান আল শেঠ উপস্থিত ছিলেন।
ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা খন্দকার মাহফুজুল হক বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রথম দফায় প্রায় ৪০টন ত্রাণ এসেছে। এরমধ্যে নিত্যপ্রয়োজনী ব্যবহার্য সামগ্রী রয়েছে। পরবর্তীতে আরও ত্রাণ সামগ্রী ইরান সরকার রোহিঙ্গাদের জন্য পাঠাবে।’
এছাড়া শুক্রবার দ্বিতীয় দফায় ভারত থেকে ৫০টন ও ইন্দোনেশিয়া থেকে ৭ দশমিক ১৬ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে দু’দেশের দুটি কার্গো উড়োজাহাজ। এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস, সাবান, মশারি, তাবু, ম্যাট্রেস, ওষুধ, চা পাতা, তেল ও কাপড়।
ত্রাণগুলো রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এমএ





