সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন দাখিল করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের নিকট এ প্রতিবেদন দাখিল করেন।
দাখিল করা প্রতিবেদনে ওই দিন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি রেল ক্রসিং এলাকার দুর্ঘটনার জন্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাবির পরিবহনের চালককেই দায়ী করা হয়েছে।
একই সঙ্গে তদন্ত কমিটি সেতুর পশ্চিমপাড় থেকে মহাসড়কের ২২ কিলোমিটার এলাকাতে রোড ডিভাইডার, স্পিড ব্রেকার এবং সড়ক চার লেনে উন্নীতকরণের জন্যও সুপারিশ করেছেন কর্তৃপক্ষের নিকট।
এদিকে তদন্ত কমিটি প্রতিবেদন জমাদানের পর থেকেই সেতু কর্তৃপক্ষ অতিগতি সম্পন্ন যানবানকে আটক করার জন্য মহাসড়কে যন্ত্র ব্যবহার শুরু করেছেন বলে বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক ম্যানেজার মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
প্রসঙ্গত, ঈদের পরের দিন রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে রংপুরগামী ঢাকা (ঢাকা মেট্রো-ব-১১-৪০৩৪) সাব্বির পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আজাদ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-জ-১৪-১০৮৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের চালকসহ ঘটনাস্থলেই ১৪ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনসহ মোট ১৭ জন মারা যায়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানকে প্রধান করে ওই দিনই ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এআই/





