বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগের জারি করা গেজেটের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেট জারি করে অর্থ বিভাগ। ওই গেজেটের ভিত্তিতেই এখন প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষর করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি।
এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেটের কপি পাঠানো হয়েছে।
এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠির সঙ্গে জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেটের দুটি করে কপি সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে গেল।
এস











