ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত রাবি শিক্ষার্থীর নাম মোহাম্মাদ আজিম (২৩)বলে জানা যায়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত আজিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকি‍ৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আজিমের সহপাঠীরা বলেন, আজিম বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী। তিনি রাত সাড়ে ৮টার দিকে পাশের নবাব আবদুল লতিফ হল থেকে নিজের হলে ফিরছিলেন।

এসময় দুই হলের মাঝখানের রাস্তায় ওৎ পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তিনি চি‍ৎকার দিলে ছিনতাইকারীরা তার হাত ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা গিয়ে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকি‍ৎসা কেন্দ্রে ভর্তি করেন।

এদিকে, এ ঘটানাকে কেন্দ্র করে শামসুজ্জোহা হলে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীরা হল গেটে জড়ো হয়। ক্যাম্পাসে বহিরাগত ঠেকাতে পুলিশ ব্যর্থ দাবি করে নিরাপত্তার দাবি জানান তারা। খবর পেয়ে হল প্রাধ্যক্ষ এসে শিক্ষার্থীদের শান্ত করেন।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন  বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ