জনপরিবহনে নাশকতামূলক কর্মকাণ্ডে অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ে এক মহড়ার আয়োজন করে বিজিবি কক্সবাজার সেক্টর। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে সোমবার দুপুর ১২টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জনপরিবহনে সৃষ্ট অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রম, আগুন নেভানো ও গুরুতর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালে প্রেরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠিত মহড়ায় নাশকতায় সৃষ্ট অগ্নিকাণ্ড থেকে রক্ষায় তাৎক্ষণিক করণীয় ও অগ্নিনির্বাপণে ব্যবহারিক জ্ঞান অর্জন সম্পর্কে সাধারণ জনগণকে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়ায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া, কক্সবাজার বাস মালিক গ্রুপের সভাপতি রফিকুল হুদা চৌধুরী, শ্যামলী পরিবহন সার্ভিসের কক্সবাজার ইনচার্জ মোহাম্মদ শামীম ও দৈনিক সৈকত’র সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান।
জেআই





