পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র ভূমি মক্কায় আরও ৪ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে মোট ২৪ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।
বুধবার (৩১ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে এই হজযাত্রীরা মারা গেছেন।
মক্কায় বাংলাদেশ হজ অফিস জানিয়েছে, চার বাংলাদেশি হলেন- সাতক্ষীরার নগরঘাটার বাসিন্দা আনোয়ারা খাতুন (৬৯), মাদারীপুরের সাহেব রামপুরের বাসিন্দা আবদুল জলিল মিয়া (৭৫), ফেনী জেলা সদরের শামছু ড্রাইভার বাড়ির বাসিন্দা মোহাম্মদ শাহাজাহান (৬১) ও কুমিল্লার বরুড়া উপজেলার জিগাতলার বাসিন্দা আবদুল বারেক (৬১)।
এদিকে, সৌদি আরবে এবার হজ পালন করতে এসে এখন পর্যন্ত মক্কায় ২০ জন, মদিনায় ৩ জন ও জেদ্দায় ১ জনসহ মোট ২৪ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তার মধ্যে পুরুষ ২১ জন ও ৩ জন নারী।
বুধবার (৩১ জুলাই) বিকেলে পর্যন্ত বাংলাদেশ থেকে ২৯১টি ফ্লাইটে মোট ১ লাখ ২ হাজার ৪৬৭ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন।
তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৫৫১ জন এসেছেন।
এমবি





