বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে পাঁচশ কিট উপহার দেওয়া হয়েছে। আর চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ।

আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে পাঁচশ কিট উপহার দেওয়া হয়েছে। এসব কিট দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুই দিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।

এসময় রাষ্ট্রদূত চীন সরকারের দেওয়া এই উপহারের কপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনাভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি হস্তান্তর করেন।

আব্দুল মোমেন বলেন, একমাত্র সিঙ্গাপুর ছাড়া কোথাও কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া এই ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চীনা প্রজেক্ট ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে না।

এদিকে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়ানো প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬২ জনে দাঁড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি।

আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মৃতদের মধ্যে ১৩৯ জনই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের।

প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এমবি