সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য আবু তাজিম তিমুকে হত্যা চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাসেল আহমদ ও তার দুই সহোদরকে আসামি করে জেলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তিমু বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
সূত্র জানায়,গত ১ জুলাই বিকেলের দিকে জেলা যুবলীগের সদস্য তিমু সড়ক ও জনপথ বিভাগ অফিসে ব্যক্তিগত কাজ শেষে জেলা ছাত্রলীগ নেতা আবুল আহসান শিহাব ও আহমেদ আলাদিন রকিকে পুরাতন বাসস্টেশন এলাকায় মোটরসাইকেল যোগে নামিয়ে দিয়ে হাসন নগরে নিজের বাসায় ফিরছিলেন।
তিমু কামারখাল কালভার্ট পার হওয়ার সময় শহরের আরপিন নগর এলাকার বাসিন্দা জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাসেল আহমদ, রুবেল ও পাভেল তিমুর ওপর হামলা চালায়।
এ সময় রামদা দিয়ে তাকে কোপ দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এ সময় লোহার পাইপের আঘাতে তিনি আহত হন। পরে ওইদিন বিকেলেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন তিমু। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিমু জানান, কয়েক মাস আগে ছাত্রলীগের নেতা রাসেল তার কাছে চাঁদা দাবি করেছিল। সে সময় তার বিরুদ্ধে তিনি চাঁদাবাজির মামলা করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েই তাকে প্রাণনাশের হামলা চালানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম খাঁন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





