জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান শেষে দুই দিনের বিশ্রাম সফরে লন্ডন অবস্থান করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বুধবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন তিনি।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার এম তালহা,  যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সহ সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক প্রমুখ।

নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি সিলেটের উদ্দেশে লন্ডন হিথরো বিমান বন্দর ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছেন বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক চিস্তি।

তিনি জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে সরাসরি সিলেট বিমান বন্দরে অবতরণ করবে।

সিলেটে একঘণ্টা অবস্থানের পর ফের প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বিমানটি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান শেষে সোমবার নিউইয়র্ক থেকে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের বিশ্রাম সফরে লন্ডন এসে প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন।

জেডআই