দিল্লি সহিংসতার পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে দিয়েছিলেন। আর সেই নীতিমালা মেনেই আমরা চলছি। সেটাই আমাদের রাজনৈতিক দিকনির্দেশনা। এর বাইরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই আমাদের।’
বৃহস্পতিবার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে ‘ফ্লাগ রেইজিং’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেয়ার জন্য আনসার ব্যাটালিয়নের নতুন আনসার ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে।’
এর আগে প্রধান অতিথি সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সাধারণ আনসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিন কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহেদ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১০ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ১ হাজার ১ শত ৮৫ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি ‘ফ্ল্যাগ রেইজিং’র মাধ্যমে নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন ঘোষণা করেন।
এএস





