কুমিল্লার দাউদকান্দিতে এক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীকে বিয়ের অনুষ্ঠান থেকে পরীক্ষার হলে ফিরিয়ে এনেছে শিক্ষক ও স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দির সিংগুলা গ্রামের পল্টু সরকারের ১৩ বছরের মেয়ে অঞ্জনা রানী সরকার এবার পুটিয়া সিসিডিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী। রোববার ছিল তার গণিত পরীক্ষা।
বিদ্যালয়ের এক শিক্ষিকা জানতে পারেন বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানের কারণে অভিভাবকরা তাকে আসতে দিচ্ছেন না। তিনি অঞ্জনার অনুপস্থিতির কারণ পরীক্ষা হলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসানকে জানান।
তখন ওই ম্যাজিস্ট্রেট, পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আবদুর রহমান এবং স্থানীয় ‘বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক এসএম মিজানকে সঙ্গে নিয়ে অঞ্জনার বাড়িতে যান। সেখান থেকে তাকে পরীক্ষা দিতে ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা হলে নিয়ে আসেন।
অঞ্জনা জানায়, তার বাবা-মা তাকে বিয়ে দেয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধা দেয়। অঞ্জনাকে রোববার গণিত পরীক্ষার দিনেই দেখতে এসে বিয়ের আর্শীবাদ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পুটিয়া সিসিডিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিন সৈকত জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অঞ্জনার বাবা মা’র কাছ থেকে মুচলেকা নেন ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেয়া যাবে না।
কেএইচ





