নাটোরের বড়াইগ্রাম থেকে দু্‌ই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের নাম শাহীন আলম (৪০)। পেশায় চাল ব্যবসায়ী। অন্যজন অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৬৫)।

সোমবার সকালে উপজেলার গলাকাটা ব্রিজ ও মহিষভাঙ্গা এলাকা থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়।

নিহত চাল ব্যবসায়ীর স্ত্রী পান্না বেগম জানান, উপজেলার বনপাড়া বাজার থেকে রোববার রাতে তার স্বামীকে (শাহীন আলম) জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে হাত-পা বেঁধে উপজেলার গলাকাটা ব্রিজ এলাকায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পান্না বেগম।

অপরদিকে, একই উপজেলার মহিশভাঙ্গা এলাকা থেকে সোমবার সকালে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দ্রুতগামী বাস বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ব্যবসায়িক কারণে পূর্ব শত্রুতার জেরে শাহীন আলমকে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেএইচ